দ্বান্দ্বিকতা, প্রকৃতি এবং প্রকৃতির দ্বান্দ্বিকতা মূল: ক্যামিলা রয়োল অনুবাদ: স ম আজাদ অনুবাদকের উৎসর্গ: প্রিয় ছাত্র এবং প্রিয় বন্ধু খন্দকার তুষার আহমেদ জাভেদ ও সুবল সূত্রধরকে ১৮৭৩এ কার্ল মার্কসের সহযোগী ফ্রেডেরিখ এঙ্গেলস প্রকৃতির দ্বান্দ্বিকতা শিরোনামে একটি উচ্চাভিলাষী গ্রন্থের ওপর কাজ আরম্ভ করেন। তিনি মার্কসকে একটি চিঠিতে অভিহিত করেন কীভাবে, একদিন বিছানায় শায়িত অবস্থায় তিনি উপসংহারে উপনীত হন যে প্রাকৃতিক বিজ্ঞানসমূহ হলো প্রকৃতপক্ষে সবকিছুই গতিময় বস্তু ( matter in motion ) সম্পর্কে। তিনি তাঁর বন্ধুকে ধারণাটি সম্পর্কে নিশ্চুপ থাকতেও বলেন যেন কোনো বাজে ইংরেজ ব্যক্তি এটি চুরি করতে না পারে। প্রাকৃতিক বিজ্ঞানে তাঁর নিজের ব্যাপক গবেষণায় মার্কসিয় দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতা সম্পর্কে এঙ্গেলস সহজবোধ্য ব্যাখ্যা দিতে আরম্ভ করেন। তাঁর ধারণাবলী লেখার প্রকল্পটি তিনি পরবর্তী দশক পর্যন্ত অব্যাহত রাখেন, কিন্তু সম্পূর্ণকরণের সুযোগ শেষ পর্যন্ত তিনি কখনো পাননি। প্রকৃতির দ্বান্দ্বিকতার ধারণাটি অদ্যবধি বিতর্কিত থেকে গিয়েছে। সমাজ অধ্যয়নে প্রয়োগকৃত হিসেবে, দ্বান্দ্বিকতা আপত্...